আন্তর্জাতিক

সুইজারল্যান্ডে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক

সুইজারল্যান্ডের আল্পাইন অঞ্চল ভ্যালেস ক্যান্টনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সম্প্রচারমাধ্যম সুইসইনফোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

ভ্যালেস ক্যান্টন পুলিশ জানায়, এক ইঞ্জিনের সার্কাস এসআর২২টি মডেলের হালকা বিমানটি টিচিনো ক্যান্টনের লুগানো শহর থেকে উড্ডয়ন করেছিল। পরে ভ্যালেস ক্যান্টনের লেউকারবাড পৌরসভার কাছে একটি দুর্গম পাহাড়ি এলাকায় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢালে আছড়ে পড়ে।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তিনটি উদ্ধারকারী হেলিকপ্টার ও দুজন বিশেষজ্ঞ উদ্ধারকর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে পৌঁছে উদ্ধারকারীরা বিমানের তিন আরোহীরই মৃত্যু নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্ত করতে জটিলতা থাকায় দুর্ঘটনার পর আনুষ্ঠানিকভাবে তাদের পরিচয় জানাতে কিছুটা সময় লেগেছে। পরিচয় নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি ও অন্যান্য প্রক্রিয়া এখনো চলছে।

এদিকে বিমানটি কী কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ঢালে আছড়ে পড়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ হওয়ার পরই স্পষ্ট হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সুইজারল্যান্ড #আল্পাইন অঞ্চল #বিমান বিধ্বস্ত #নিহত