জাতীয়

প্রতিবেশী দেশ থেকে মাদক ঢুকিয়ে যুবসমাজকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে : প্রতিমন্ত্রী টুকু

প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক সরবরাহ করে যুবসমাজকে ধ্বংস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। মাদকের এই ভয়াবহ বিস্তার রোধে তিনি সর্বস্তরের মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কালিন্দীর ইউনিয়নের এক কনভেনশন সেন্টারে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘মাদক নয়, শিক্ষা, খেলাধুলা ও সৃজনশীলতাই হোক তারুণ্যের শক্তি’ প্রতিপাদ্যে এ সমাবেশের আয়োজন করা হয়।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে মাদকের কোনো কারখানা নেই। এসব মাদক আসে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে। তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে মাদক ঢুকিয়ে দিচ্ছে, যাতে দেশের যুবসমাজ ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে না পারে। আমাদের দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে এবং সবার আগে বাংলাদেশ—এই চেতনা নিয়ে সবাইকে মিলে দেশ গড়ে তুলতে হবে।

মাদকের কুফল তুলে ধরে তিনি বলেন, কোনো কোনো এলাকায় মাদকের ভয়াবহতা ২৩ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। এই মুহূর্তে মাদকের লাগাম টেনে না ধরলে দেশের ভবিষ্যৎ চরম হুমকির মুখে পড়বে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের ছাত্র-ছাত্রীরাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। নিজেদের ধ্বংস না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে।

ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি সচেতনতার ওপর জোর দিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ডাবের খোসা ও বিভিন্ন পাত্রে জমে থাকা পরিষ্কার পানিতে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবৃদ্ধি ঘটে। নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।

সাবেক সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার দীর্ঘ ১৭ বছর অপশাসন চালিয়েছে। তারা হত্যা ও গুমের মতো জঘন্য অপরাধ করেও কোনো অনুশোচনা প্রকাশ করেনি। তাদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম এবং ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. উমর ফারুকের পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সামছুল আলম, কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁইয়া, কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল কুদ্দুসসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

সুত্র :বাসস

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী #সুলতান সালাউদ্দিন টুকু #ভারত #মাদক