আন্তর্জাতিক

হোয়াইট হাউসে চালু মার্কিন প্রেসিডেন্টের নিজস্ব চ্যানেল ‘ট্রাম্প টিভি’

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পকে নিয়ে খবরের অভাব নেই। বরং সমস্যা হলো—খবরটা কে দিচ্ছে! তাই কি এবার নিজেই হয়ে গেলেন নিজের টিভি চ্যানেলের প্রধান তারকা?

সোমবার (২১ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টার ভিডিও সম্প্রচার ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। এতে ট্রাম্পের বক্তব্য, প্রশাসনের ঘোষণা, পুরোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত ও বিভিন্ন ভিডিও দেখানো হবে। সম্প্রচারটি ইউটিউবসহ হোয়াইট হাউসের নিজস্ব প্ল্যাটফর্মে চালু হয়েছে।

ট্রাম্প টিভি চালুর সময়টি অবশ্যই নজর কাড়ছে। কারণ, এর মাত্র কয়েক দিন আগে সিএনএন, পলিটিকো ও এমএস নাওকে হোয়াইট হাউস থেকে নিষিদ্ধ করেছিলেন ট্রাম্প। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে গেছে তিন গণমাধ্যম।

এরপর প্রেসিডেন্টের টিভি পুল কাভারেজও বন্ধ হয়ে যায়। সোমবার ট্রাম্পের একটি অনুষ্ঠানের কাভারেজ দেওয়ার কথা ছিল সিএনএনের। কিন্তু সিএনএনকে সরিয়ে দেওয়ার পর এনবিসি, এবিসি, সিবিএস ও ফক্স নিউজও বিকল্প হিসেবে দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায়। ফলে প্রেসিডেন্টের অনুষ্ঠানে যৌথ টিভি কাভারেজ থাকেনি।

এরই মধ্যে চালু হয় ট্রাম্প টিভি।

হোয়াইট হাউসের দাবি, প্রশাসনের গুরুত্বপূর্ণ বক্তব্য, ঘোষণা ও এমন অনেক মুহূর্ত এখানে দেখানো হবে, যেগুলো আগে টেলিভিশনে প্রচারিত হয়নি। শুরুতে মাউন্ট রাশমোরে ট্রাম্পের দেওয়া পুরোনো একটি বক্তব্য দেখানো হয়।

হোয়াইট হাউসের ডিজিটাল কৌশলের দায়িত্বে থাকা কেলান ডর বলেন, ট্রাম্প টিভিতে প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড সরাসরি ও সম্পাদনা ছাড়াই তুলে ধরা হবে।

তার দাবি, সংবাদমাধ্যম অনেক সময় প্রশাসনের অর্জন ভুলভাবে প্রকাশ করেছে বা একেবারেই প্রকাশ করেনি।

তবে নতুন এই উদ্যোগ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। সমালোচকদের কেউ কেউ প্রশ্ন তুলছেন, স্বাধীন সংবাদমাধ্যমের সঙ্গে দ্বন্দ্বের সময় হোয়াইট হাউসের নিজস্ব ২৪ ঘণ্টার সম্প্রচার ব্যবস্থা চালু হওয়ায় সংবাদ পরিবেশনের স্বাধীনতা ও ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি হচ্ছে।

সিবিএস নিউজের জ্যেষ্ঠ হোয়াইট হাউস সংবাদদাতা ওয়েইজিয়া জিয়াং সতর্ক করে বলেছেন, সরকার যদি শুধু নিজের পছন্দের তথ্যই জনগণকে দেখায়, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়—দর্শকরা কী কী তথ্য দেখতে পাচ্ছেন না?

অর্থাৎ ট্রাম্প টিভি আপাতত শুধু নতুন একটি সম্প্রচারমাধ্যম নয় বরং হোয়াইট হাউস ও স্বাধীন সংবাদমাধ্যমের চলমান দ্বন্দ্বে এটি যোগ করেছে নতুন এক মাত্রা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প