রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে সকাল ১১টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন। দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীও সেখানে অবস্থান নেন।
একপর্যায়ে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে জলকামানও প্রস্তুত রাখা হয়। সংঘর্ষের কারণে সায়েন্সল্যাব মোড়সংলগ্ন বিভিন্ন সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আইয়ুব বলেন, সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে আর উত্তপ্ত না হয়, সে জন্য পুলিশ সেখানে অবস্থান করছে। কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, দুই কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের কথা হয়েছে। বর্তমানে শিক্ষার্থীরা নিজ নিজ কলেজের ভেতরে রয়েছেন। বাইরে থেকে কেউ যাতে শিক্ষার্থীদের লক্ষ্য করে ঢিল বা পাথর ছুড়তে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ওসি আরও জানান, সায়েন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি থানার পুলিশ সদস্যরা পৃথক পৃথক স্থানে দায়িত্ব পালন করছেন।
এসি//