আন্তর্জাতিক

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে আনুষ্ঠানিক জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ইরানের দেওয়া যুদ্ধবিরতির সর্বশেষ প্রস্তাবের বিষয়ে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে জবাব দিয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে মার্কিন জবাবে কী বলা হয়েছে কিংবা ইরানের প্রস্তাবটি গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন বার্তা সংস্থা এপির  প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বুধবার মন্ত্রিসভার বৈঠকে মার্কিন জবাবটি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে তুলে দেন।

পেজেশকিয়ান বলেন, চুক্তি বাস্তবায়নে তার সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবং ইরানি জনগণের অধিকার রক্ষায় দৃঢ় থাকবে। তবে যেকোনো চুক্তি দুই পক্ষের জন্যই গ্রহণযোগ্য হতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

গেল সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফর করেন আরাঘচি। সেখানে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে পরোক্ষ আলোচনা করার পাশাপাশি কাতার ও পাকিস্তানের মধ্যস্থতাকারীদের সঙ্গেও বৈঠক করেন তিনি।

এসব আলোচনায় হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের শর্ত নিয়েও আলোচনা হয়। এর আগে আরাঘচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর অবরোধ তুলে নিলে, জব্দ করা সম্পদ ছেড়ে দিলে এবং ইরানি তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে তেহরান।

তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি দাবি করেন, ইরান ‘খুব খারাপভাবে হারছে’ বলেই চুক্তিতে যেতে চাইছে এবং তেহরানের প্রস্তাব গ্রহণযোগ্য নয়।

ট্রাম্পের প্রকাশ্য প্রত্যাখ্যানের পরও কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত ছিল বলে কর্মকর্তারা জানিয়েছেন। এসব আলোচনার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করা।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #যুক্তরাষ্ট্র #তেহরান