বাগেরহাটের মোরেলগঞ্জে দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার (০৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ উপজেলার দোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কালিকাবাড়ি এলাকার বাবুল মোল্লার ছেলে লিমন মোল্লা (২৪), দোনা গ্রামের নজরুল ইসলামের ছেলে মো. আমিন খান (২৩) এবং একই গ্রামের জামাল মাস্টারের ছেলে সোহেব (১৬)।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. সিফাত খান বাসসকে বলেন, দুর্ঘটনার পর সন্ধ্যায় আহত ৯ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। চারজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুই মোটরসাইকেল ও ডাববাহী নসিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
তথ্যসূত্র: বাসস
এমএ//