ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে বিমানের ভেতর থেকে আটক করেছে দিল্লি পুলিশ। শনিবার (১০ অক্টোবর) সকালে দিল্লিতে পৌঁছানোর পর বিমান থেকে নামার আগেই তাকে এবং দলের আরও দুই সদস্যকে আটক করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দিল্লির যন্তরমন্তরে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পূর্বনির্ধারিত বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে দিল্লি যাচ্ছিলেন অভিজিৎ দিপকে। বিমানটিতে পুলিশ প্রবেশ করলে তিনি ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচার শুরু করেন।
অভিজিৎ দিপকের সঙ্গে আটক অন্য দুজন হলেন সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানের ভেতরে পুলিশ সদস্যদের সঙ্গে সিজেপি নেতাদের তর্ক করতে দেখা যায়। বিমান থেকে নামার আগেই কেন তাদের আটক করা হচ্ছে, তা জানতে চান তারা।
ভিডিওতে দিপকেকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘আপনারা আমাদের নামা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। এসে গ্রেপ্তার করুন, আমরা ভয় পাই না।’ পরে তাদের বিমানবন্দর থেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।
এক বিবৃতিতে এ আটকের নিন্দা জানিয়েছে সিজেপি। দলটি ঘটনাটিকে ‘কর্তৃত্ববাদী আটক’ আখ্যা দিয়ে অভিযোগ করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার আগেই নেতাদের আটক করে আন্দোলন দুর্বল করার চেষ্টা করা হচ্ছে। আটক নেতাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তিও দাবি করেছে দলটি।
এর আগে শনিবার সকালে ইউটিউবার ধ্রুব রাঠি এবং সিজেপির আইনবিষয়ক সেলের প্রধান রত্না সিংকেও তাদের বাসা থেকে আটক করা হয়েছে বলে দাবি করেছে দলটি।
দিল্লি পুলিশ জানিয়েছে, আগাম অনুমতি না নেওয়ায় বিক্ষোভের অনুমোদন দেওয়া হয়নি। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে রাতভর ৪০০ জনের বেশি সন্দেহভাজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।
বিক্ষোভ ঘিরে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। দিল্লি মেট্রোর ৪৫টি স্টেশন বন্ধ রাখা হয়েছে। বাতিল করা হয়েছে একাধিক ট্রেনের যাত্রা।
এছাড়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় সরকার পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে।
এমএ//