বিএনপি

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই মারা গেছেন

বায়ান্ন প্রতিবেদন

মুন্সিগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিবারের সদস্যরা এ তথ্য নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

আব্দুল হাইয়ের জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর মুন্সিগঞ্জে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বজনরা।

দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন আব্দুল হাই। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া জাতীয় সংসদের প্যানেল স্পিকার এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

১৯৪৯ সালের ৫ জানুয়ারি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুল হাই। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। ১৯৭৩ সালে পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে জনপ্রতিনিধি হিসেবে তার পথচলা শুরু হয়।

১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন আব্দুল হাই। এর পরের বছর, ১৯৭৯ সালে, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা এই নেতার মৃত্যুতে জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের আবহ তৈরি হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন রাজনৈতিক সহকর্মী, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #আব্দুল হাই #বিএনপি #মৃত্যু