আর্কাইভ থেকে বাংলাদেশ

একদিনের ব্যবধানে এনামুল বাছিরের জামিন বাতিল

একদিনের ব্যবধানে এনামুল বাছিরের জামিন বাতিল

ঘুষ কেলেঙ্কারির মামলায় আট বছরের দণ্ডিত দুর্নীতি দমন কমিশনের (দুদক) বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরের ২৪ ঘণ্টার ব্যবধানে জামিন বাতিল করেছেন হাইকোর্ট।

বুধবার (২৪ আগস্ট) বিচারপতি মো. আশরাফুল কামালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এর আগে, মঙ্গলবার (২৩ আগস্ট) জামিনে দরখাস্ত না দিয়েই শুনানি করেন আইনজীবী। যা পরে ধরা পড়লে সঙ্গে সঙ্গেই আদেশ রিকল করেন হাইকোর্ট।

গেলো ১৬ জুলাই ৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। ঢাকা সমন্বিত জেলা কার্যালয় ১-এ দুদকের পরিচালক ও অনুসন্ধান দলের নেতা শেখ ফানাফিল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গেলো ২২ জুলাই দিনগত রাত পৌনে ১১টার দিকে দুদকের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে একটি টিম মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করে। পরের দিন জামিনের আবেদন নামঞ্জুর করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অবৈধভাবে সম্পদ অর্জন, কমিশনের তথ্য পাচার ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পরিচালক খন্দকার এনামুল বাছিরকে সাময়িকভাবে বরখাস্ত করে দুদক।

চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি ঘুষ নেওয়ার কারণে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন #একদিনের #ব্যবধানে #এনামুল #বাছিরের #জামিন #বাতিল