জাতীয়

রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়নে জড়িত হওয়া যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজশাহী প্রতিনিধি

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,নির্বাচনে সবাইকে সম্পূর্ণ নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ব্যক্তি, দল, কিংবা রাজনৈতিক কোন এজেন্ডা বাস্তবায়নে জড়িত হওয়া যাবে না। কেউ দায়িত্ব এড়িয়ে চললে অথবা অবহেলা করলে ব্যবস্থা নেওয়া হবে। একইভাবে প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছ থেকে কোনো প্রকার অর্থ বা অন্য কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করা থেকে পুরোপুরি বিরত থাকতে হবে। এমনকি কোনো প্রকার আহারও গ্রহণ করা যাবে না।

বুধবার (৪ ফেব্রুয়ারি)  বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

উপদেষ্টা বলেন,  নির্বাচনে আইন, বিধি, জননিরাপত্তা, জনসেবা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে। সততা, দক্ষতা ও পেশাদারিত্বই হবে এই নির্বাচনের মূল শক্তি।

তিনি বলেন, ভোট দেয়ার বুথসহ প্রতিটি ভোটকেন্দ্রকে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে হবে। ভোট কেন্দ্রে যাওয়ার মূল রাস্তা যাতে মসৃণ ও যাতায়াত উপযোগী থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, খুলনা বিভাগের মতো রাজশাহী বিভাগেরও নির্বাচনী প্রস্তুতি ভালো। নির্বাচনী সহিংসতা বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুএকটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচনী সহিংসতা অন্যান্য বারের তুলনায় অনেক কম। নির্বাচনের পরিবেশ সুন্দর ও ভালো রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, র‌্যাব-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #স্বরাষ্ট্র উপদেষ্টা