জাতীয়

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (০৮ ফেব্রুয়ারি) ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মো. শহিদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন এবং নির্দেশনাটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের দায়িত্ব দেয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাধারণ ভোটারদের মোবাইল ফোন বহন করা যাবে না। তবে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন রাখতে পারবেন।

এ বিষয়ে ইসি আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে বলেন, ভোটিং প্রসিডিউরে মোবাইল ব্যবহার না করার নির্দেশ সরাসরি ভোটারদের জন্য আরোপ করা হয়েছে।

তিনি আরও বলেন, “সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করা যায় না, তাই ভোটকেন্দ্রে ফোন নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ ভুলবশত ফোন নিয়ে যান, তবে প্রিসাইডিং অফিসারের কাছে রেখে ভোট দিতে হবে।”

এবার নির্বাচনে নতুন সংযোজন হিসেবে চালু করা হয়েছে ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’। নির্বাচনী সহিংসতা বা গোলযোগ দেখা দিলে এই অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনকে বার্তা পাঠানো যাবে। এতে দ্রুত সাড়া দেয়া এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা মিলবে।

প্রযুক্তি ব্যবহারের আরও অংশ হিসেবে দেশের ৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ২৫ হাজার ৭০০ কেন্দ্রে পুলিশ সদস্যদের জন্য ‘বডি ওর্ন’ ক্যামেরা সরবরাহ করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রগুলোর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ভোটকেন্দ্র #মোবাইল ফোন #নিষিদ্ধ