শিক্ষা

পদত্যাগের ঘোষণা ঢাবি উপাচার্যের

বায়ান্ন প্রতিবেদন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। তবে তিনি জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না; নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রেখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করবেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপাচার্য বলেন, নির্বাচিত রাজনৈতিক সরকার যেন তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন সাজাতে পারে, সে লক্ষ্যেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তবে এখনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেননি বলেও স্পষ্ট করেন তিনি।

ড. নিয়াজ আহমদ খান জানান, নতুন সরকার দায়িত্ব না নেয়া পর্যন্ত তিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন এবং পরবর্তী প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরের পুরো প্রক্রিয়ায় সর্বোচ্চ সহযোগিতা করবেন। তার ভাষ্য, প্রশাসনিক শূন্যতা তৈরি করা তিনি চান না; বরং ধারাবাহিকতা রক্ষা করাই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ।

পদত্যাগের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে গিয়ে তিনি রাজনৈতিক শিষ্টাচার, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা ও প্রশাসনিক গতিশীলতার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

তার মতে, যে সরকারই নির্বাচিত হয়ে আসুক, তাদের নিজস্ব কর্মপরিকল্পনা বাস্তবায়নের সুযোগ থাকা উচিত—বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় প্রতিষ্ঠানে সেটিই স্বাভাবিক প্রক্রিয়া। নির্বাচন-পরবর্তী সময়ে হঠাৎ পদত্যাগ করলে ভুল বার্তা যেতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তীতে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর।

সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান বলেন, দায়িত্ব গ্রহণের সময় যে পরিস্থিতি ছিল, তার অনেকটাই এখন উন্নত হয়েছে। দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনে সহযোগিতামূলক ভূমিকা রাখতে তিনি প্রস্তুত আছেন। তবে আপাতত তিনি শিক্ষকতায় ফিরে যেতে আগ্রহী।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো ব্যক্তিনির্ভর প্রতিষ্ঠান নয়; এর প্রাতিষ্ঠানিক কাঠামো ও ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তার এই সিদ্ধান্ত কোনো রাজনৈতিক চাপের ফল নয়; সম্পূর্ণ স্বেচ্ছায় এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থ বিবেচনা করেই তিনি এ ঘোষণা দিয়েছেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #নির্বাচন #উপাচার্য #অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান #পদত্যাগ