সিরাজগঞ্জে পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ব্যবসায়ীদের কাছে ‘ঈদ সম্মানী’ চাওয়ার নামে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— শেরপুর থানার কৃষ্ণপুর নামাপাড়া এলাকার আমজাদের ছেলে সোহেল মিয়া (৩৪), একই থানার খানপুর এলাকার মৃত রমজান আকন্দের ছেলে বাদশা আকন্দ (৫০) এবং খানপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. রিপন (২২)।
সোমবার (১৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ এবং অভিযান) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, অভিযুক্তরা দুটি মোবাইল নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করেন। সেখানে তারা নিজেদের সিরাজগঞ্জ জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে শাড়ি ও লুঙ্গি ব্যবসায়ীদের কাছে ঈদ উপলক্ষে ‘সম্মানী’ দেওয়ার কথা বলে টাকা দাবি করতেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়।
পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি আইটেল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি স্যামসাং ফোন এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা শুধু পুলিশ কর্মকর্তার নাম-ছবিই নয়, বিভিন্ন সময় সরকারি কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করেও ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করতেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আই/এ