আবহাওয়া

ঢাকাসহ ২০ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস

কালবৈশাখী

আকাশে মেঘের ঘনঘটা, বাতাসে ঝোড়ো শঙ্কা—আবহাওয়ার পরিবর্তন যেন আবারও জানান দিচ্ছে কালবৈশাখীর আগমনী বার্তা। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলার ওপর দিয়ে আজ শনিবার ঝড়ো আবহাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, এসব এলাকায় উত্তর কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আজ ভোর রাত ৩টা থেকে দুপুর ১টা পর্যন্ত জারি করা নদীবন্দর সতর্কবার্তায় জানানো হয়, ঢাকা, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর ১টা পর্যন্ত আকাশ মেঘলা থেকে ঘন মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

 

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে এবং আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ২৩ মিনিটে।

এ সম্পর্কিত আরও পড়ুন #কালবৈশাখী