ভারতের রাজস্থানে দিল্লিমুখী রাজধানী এক্সপ্রেস ট্রেনের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (১৭ মে) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে চলন্ত ট্রেনটিতে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে এনডিটিভি। তবে সময়মতো যাত্রীদের সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রেল কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বি-১ নামের বগিটিতে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। ভোর ৫টা ১৫ মিনিটের দিকে রাজস্থানের কোটার বিক্রমগড় আলোত স্টেশনের কাছে বগিটিতে আগুন ধরা পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত আগুন লাগা বগিটিকে ট্রেনের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করা হয় এবং সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত বগি থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে। আগুনের তাপ ছড়িয়ে আশপাশের কয়েকটি গাছেও আগুন ধরে যায়।
ঘটনার পর যাত্রীদের নিরাপদে নামিয়ে ট্রেনের অন্য বগিতে স্থানান্তর করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এভাবেই কোটা পর্যন্ত নেওয়া হবে। সেখানে পৌঁছানোর পর বিকল্প ব্যবস্থার অংশ হিসেবে নতুন একটি বগি যুক্ত করা হবে।
১২৪৩১ নম্বর রাজধানী এক্সপ্রেসটি গত শুক্রবার কেরালার থিরুভানানথাপুরাম থেকে দিল্লির উদ্দেশে যাত্রা শুরু করে। রোববার দুপুর ১২টা ৩০ মিনিটে ট্রেনটির দিল্লির নিজামুদ্দিন রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল। অগ্নিকাণ্ডের আগে ট্রেনটি প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিল এবং তখন রাজধানী দিল্লি থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।
এসি//