দেশজুড়ে

শ্রেণিকক্ষে মেডিকেল শিক্ষার্থীকে গুলি, প্রভাষকের ২১ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষার্থীকে গুলির মামলায়  প্রভাষক ডা. রায়হান শরীফকে ২১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (১৮ মে) দুপুরে সিরাজগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রফিক সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, দণ্ডপ্রাপ্ত রায়হান শরীফ মেডিকেল কলেজটির কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক ছিলেন। ২০২৪ সালের ৪ মার্চ মেডিকেল কলেজের একাডেমিক ভবনে ক্লাস চলাকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী তমালের পায়ে গুলি করেন ডা. রায়হান শরীফ। এতে গুরুতর আহত হন ওই শিক্ষার্থী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ৮১ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং দুটি অত্যাধুনিক ছোরা উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত উল্লেখ করেন, একজন শিক্ষক হয়েও তিনি বেআইনিভাবে বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ গুলি, ম্যাগাজিন ও ধারালো অস্ত্র নিজের কাছে রেখেছিলেন। এমনকি নিয়মিত সেগুলো কর্মস্থলেও নিয়ে যেতেন।

বিচারক পর্যবেক্ষণে বলেন, এই অস্ত্রের ভয়াবহ ব্যবহারের ধারাবাহিকতায় নিরীহ শিক্ষার্থী আরাফাত আমিন তমাল গুলিবিদ্ধ হন। আদালতের মতে, ছাত্রজীবন থেকেই রায়হান শরীফ সশস্ত্র ক্যাডার রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সেই প্রবণতা পরবর্তীতেও বজায় রেখেছিলেন।

রায়ে অস্ত্র আইনের ১৯(এ) ধারায় তাকে ১৪ বছর এবং ১৯(এফ) ধারায় আরও ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #সিরাজগঞ্জ