ঈদুল আজহার আগে দেশের স্বর্ণবাজারে আবারও দামের পতন দেখা গেছে। নতুন করে ভরিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে উল্লেখযোগ্য হারে মূল্য কমে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২০ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৬৩ টাকা, যা ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে।
এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের ভরি মূল্য ২ লাখ ২৫ হাজার ২৩২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৫৭ হাজার ২৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ গত ১৬ মে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেটের ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের প্রভাবেই স্বর্ণের দামে এই সমন্বয় এসেছে।
এসি//