কমপ্লিট শাটডাউন উপেক্ষা করে নিয়োগের অষ্টম দিনে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) ক্যাম্পাসে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। কর্মসূচি ঘোষণার পর শিক্ষার্থীরা বাড়ি চলে যাওয়ায় ক্যাম্পাস এখন পুরোটাই ফাঁকা।
বৃহস্পতিবার (২১ মে) বেলা আড়াইটায় কিছু শিক্ষক ও কর্মচারীকে সঙ্গে নিয়ে তিনি ক্যাম্পাসে যান। ডুয়েটের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. খসরু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসের শহীদ আবু সাঈদ ভবনে অবস্থিত ভিসির কার্যালয়ে প্রবেশ করে নির্ধারিত আসন গ্রহন করেন। এই সময় উপস্থিত শিক্ষক ও কর্মচারীরা নতুন ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এর আগে গতকাল সকাল ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরদের মধ্য থেকে ১৫-২০ জনকে নিয়ে ডুয়েটের পাশে গাজীপুর উপজেলা পরিষদে বৈঠক করেন নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল। এরপর আজ সকালে আবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক শেষে শিক্ষক ও কর্মচারীরাই ভিসিকে ক্যাম্পাসে নিয়ে যান বলেন ।
এর আগে ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে ভিসি নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে টানা ছয় দিন ধরে ডুয়েটে তীব্র আন্দোলন চলে । সংঘর্ষ ও ভাঙচুরের পর, ‘লাল কার্ড’ ও ‘ব্লকেড’ কর্মসূচি শেষে গত মঙ্গলবার বিকেলে ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করে শিক্ষার্থিরা।
এ সময় পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র হাসানুর রহমান জানান, মিথ্যা ট্যাগ ও মামলা দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু শিক্ষার্থীরা নতুন ভিসির পদত্যাগসহ তিন দফা দাবিতে অনড় রয়েছে। আলোচনার মাধ্যমে সমাধান না হলে আরও কঠোর আন্দোলন চলবে।
আর/আই