লাইফস্টাইল

দাম্পত্যে নতুন প্রাণ আনবে ৭-৭-৭ রুল

লাইফস্টাইল ডেস্ক

একসঙ্গে পথ চলার নামই সম্পর্ক। কিন্তু ব্যস্ত জীবনের দৌড়ে কখনো কখনো সেই পথের সঙ্গী মানুষটিই যেন হারিয়ে যায় অগোচরে। কাজের চাপ, সংসারের দায়িত্ব, সন্তান লালন-পালন—সবকিছুর ভিড়ে ভালোবাসার মানুষটির জন্য আলাদা সময় বের করা কঠিন হয়ে পড়ে। অথচ সম্পর্কও যত্ন চায়, সময় চায়, চায় একান্ত কিছু মুহূর্ত।

আজকাল নিজের জন্য ‘মি টাইম’ নিয়ে অনেক আলোচনা হলেও দাম্পত্যে কমে যাচ্ছে ‘উই টাইম’—অর্থাৎ দুজনের একসঙ্গে কাটানো সময়। এর অভাবেই অনেক সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে ফিকে হয়ে যায়। বড় কোনো কারণ নয়, ছোট ছোট অভিমান, কথা না বলা কিংবা জমে থাকা কষ্টই একসময় তৈরি করে দূরত্ব।

তবে সম্পর্কের এই দূরত্ব কমাতে নতুন এক সহজ কৌশল নিয়ে আলোচনা হচ্ছে—৭-৭-৭ রুল। সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, নিয়মিত কিছু পরিকল্পিত সময় একসঙ্গে কাটানোর অভ্যাস দাম্পত্যে ফিরিয়ে আনতে পারে আন্তরিকতা ও ভালোবাসার অনুভূতি।

কী এই ৭-৭-৭ রুল?

৭-৭-৭ রুল মূলত সঙ্গীর সঙ্গে মানসম্মত সময় কাটানোর একটি পরিকল্পনা। এর ভিত্তি তিনটি সহজ অভ্যাস।

প্রথমত, প্রতি সাত দিনে একবার ডেট নাইট। এটি হতে পারে ঘরের মধ্যেই ছোট্ট আয়োজন করে, কিংবা বাইরে কোথাও গিয়ে। উদ্দেশ্য হলো—ব্যস্ততার বাইরে শুধু দুজনের জন্য কিছু সময় রাখা। এই সময়ে দিনের ক্লান্তি, কাজের চাপ কিংবা দায়িত্বের হিসাব নয়; বরং একে অপরের সঙ্গে মন খুলে কথা বলাই গুরুত্বপূর্ণ।

দ্বিতীয়ত, প্রতি সাত সপ্তাহে একটি ছোট ভ্রমণ। দুদিনের জন্য কাছাকাছি কোথাও ঘুরে আসা, লং ড্রাইভে যাওয়া কিংবা প্রকৃতির কাছে কিছুটা সময় কাটানো—এসব ছোট ভ্রমণ সম্পর্কের একঘেয়েমি দূর করে। নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর একসঙ্গে তৈরি হওয়া স্মৃতি সম্পর্ককে আরও প্রাণবন্ত করে তোলে।

তৃতীয়ত, প্রতি সাত মাসে একটি বড় ভ্রমণ। এটি হতে পারে দেশের ভেতরে বা দেশের বাইরে। চেষ্টা থাকবে এমন কোনো জায়গা বেছে নেওয়ার, যেখানে দুজনের কেউ আগে যাননি। নতুন কিছু একসঙ্গে আবিষ্কারের অভিজ্ঞতা সম্পর্কের বন্ধন আরও গভীর করে।

কেন কাজ করে ৭-৭-৭ রুল?

প্রতিদিনের ব্যস্ততায় অনেক কথা জমে থাকে, যা বলা হয়ে ওঠে না। সাপ্তাহিক ডেট নাইট সেই সুযোগ তৈরি করে—যেখানে দুজন মুখোমুখি বসে নিজেদের অনুভূতি, চিন্তা ও অভিজ্ঞতা ভাগ করে নিতে পারেন।

অন্যদিকে ছোট ছোট ভ্রমণ জীবনের একঘেয়েমি ভেঙে নতুন আনন্দ এনে দেয়। পাহাড়, সমুদ্র, প্রকৃতি কিংবা কোনো শান্ত পরিবেশে কাটানো কয়েকটি মুহূর্তও সম্পর্কের মধ্যে নতুন শক্তি যোগ করতে পারে।

আর দীর্ঘ ভ্রমণ তৈরি করে বিশেষ কিছু স্মৃতি। জীবনের নতুন অভিজ্ঞতা একসঙ্গে পার করার মাধ্যমে তৈরি হয় পারস্পরিক বোঝাপড়া ও বিশ্বাস।

সম্পর্কের পাশাপাশি জীবনেও আসে পরিবর্তন

৭-৭-৭ রুল শুধু দাম্পত্যে ভালোবাসা বাড়ায় না, বরং ব্যস্ত জীবনের ভারসাম্য রাখতেও সাহায্য করে। কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে সমন্বয় তৈরি হয়, মানসিক চাপ কমে এবং সঙ্গীর সঙ্গে তৈরি হওয়া দূরত্ব ধীরে ধীরে কমতে শুরু করে।

কারণ সম্পর্ক টিকে থাকে শুধু ভালোবাসায় নয়, সেই ভালোবাসাকে সময় দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টায়। কখনো কখনো বড় কোনো পরিবর্তনের প্রয়োজন হয় না—প্রিয় মানুষটির পাশে একটু বেশি সময় থাকাই হতে পারে সম্পর্ককে আবার নতুন করে খুঁজে পাওয়ার পথ।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #সম্পর্ক #দাম্পত্য