জাতীয়

১১ জেলায় বিজিবি মোতায়েন

ছবি: বর্ডার গার্ড বাংলাদেশ

টানা ভারী বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, বন্যা ও ভূমিধসে সৃষ্ট দুর্যোগে ক্ষতিগ্রস্তদের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য বন্যাকবলিত ১১ জেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো-বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলা।

রোববার (১২ জুলাই)  বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বন্যাকবলিত জেলাগুলোতে পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে বিজিবির উদ্ধারকারী দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, দুর্গত এলাকার কর্মহীন ও অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যা-পরবর্তী স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় এবং জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিজিবির মেডিকেল টিম এসব জেলায় নিয়োজিত রয়েছে।

বিজিবি সদরদপ্তর থেকে জানানো হয়েছে, এই সংকটময় মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে বিজিবির প্রতিটি রিজিয়ন ও ব্যাটালিয়নকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবির এই উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #বিজিবি