পূর্বঘোষিত শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে নতুন ছয়টি প্রস্তাব নিয়ে সচিবালয়ে প্রবেশ করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে লংমার্চ নিয়ে রওনা হয়ে শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পরে আলোচনার স্বার্থে শিক্ষার্থীদের মধ্য থেকে ছয়জন প্রতিনিধিকে সচিবালয়ে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
শিক্ষার্থীদের উত্থাপিত সংশোধিত ৬টি দাবি হলো:
১. বৈরী ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে যারা পরীক্ষা দিতে পারেনি বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে।
২. পুনরায় পরীক্ষা দেওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে আগের পরীক্ষা ও নতুন পুনঃপরীক্ষার নম্বরের মধ্যে যেটি বেশি (সর্বোচ্চ নম্বর), সেটিকে চূড়ান্ত হিসেবে বিবেচনা করতে হবে।
৩. প্রশ্নপত্রের ভুলগুলোর জন্য পরীক্ষার্থীদের সম্পূর্ণ নম্বর দিতে হবে।
৪. চলমান উত্তেজনাকর ও অস্থিতিশীল পরিস্থিতির কারণে শিক্ষার্থীদের মানসিক স্বস্তি ফেরাতে কিছু সময় দিয়ে পরবর্তী পরীক্ষাগুলো নিতে হবে।
৫. পূর্বঘোষণা ছাড়া প্রশ্নকাঠামোয় যে পরিবর্তন আনা হয়েছে সেটা মাথায় রেখে খাতা মূল্যায়ন করতে হবে।
৬. পরীক্ষা চলাকালীন 'সচেতন গার্ড'-এর নামে পরীক্ষকদের মানসিক চাপ সৃষ্টি ও হয়রানিমূলক আচরণ বন্ধ করতে হবে, যাতে শিক্ষার্থীরা ভীতিমুক্ত পরিবেশে পরীক্ষা দিতে পারে।
উল্লেখ্য, দিনভর শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজপথে তীব্র আন্দোলন চললেও, সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করতে যাওয়া প্রতিনিধিদলের চূড়ান্ত তালিকা থেকে মন্ত্রীর পদত্যাগের বিষয়টি বাদ দেওয়া হয়েছে।
আর/আই