বিনোদন

২৫ বছর পর নাট্যমঞ্চে ফিরছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

দীর্ঘ অভিনয়জীবনে সিনেমা, ওয়েব সিরিজ ও ওটিটিতে অসাধারণ সব চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। তবে তার অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল নাট্যমঞ্চ থেকেই। এবার সেই শিকড়ে ফিরছেন তিনি। প্রায় ২৫ বছরের বিরতির পর আবারও মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন এই গুণী অভিনেতা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘নকাব’ নামের একটি নাটকের মাধ্যমে আবারও মঞ্চ অভিনয়ে ফিরছেন নওয়াজউদ্দিন। ইতোমধ্যে নাটকটির মহড়াসহ প্রস্তুতির কাজও শুরু হয়েছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম স্টোরিতে শিকাগো সফরের একটি ছবি শেয়ার করে এই সুখবরের ইঙ্গিত দেন তিনি।

ছবিতে ‘নকাব’ নাটকের পুরো টিমের সঙ্গে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হতে দেখা যায় নওয়াজকে। এ সফরে তার সঙ্গে রয়েছেন মেয়ে শোরা সিদ্দিকীও। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘নকাবের টিমের সঙ্গে শিকাগো যাচ্ছি।’

নওয়াজের ঘনিষ্ঠ সূত্রের দাবি, এই নাটকটি নওয়াজউদ্দিনের জন্য শুধু নতুন একটি প্রযোজনা নয়, বরং নিজের অভিনয়ের শুরুর দিনগুলোতে ফিরে যাওয়ার এক আবেগঘন উপলক্ষ। বলিউডে প্রতিষ্ঠা পাওয়ার আগে দীর্ঘ সময় থিয়েটারে কাজ করেছেন তিনি। নিয়মিত মঞ্চচর্চা, কর্মশালা ও অসংখ্য নাট্য প্রযোজনার অভিজ্ঞতাই তার অভিনয়ের ভিত শক্ত করেছে। যার ছাপ পরে দেখা গেছে ‘গ্যাংস অব ওয়াসিপুর’সহ একাধিক প্রশংসিত সিনেমা ও ওয়েব সিরিজে।

ব্যস্ত চলচ্চিত্র ক্যারিয়ারের মাঝেও যে থিয়েটারের প্রতি তার ভালোবাসা অটুট রয়েছে, এই প্রত্যাবর্তন সেটিই নতুন করে প্রমাণ করল। দর্শকের সামনে সরাসরি অভিনয়ের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন নওয়াজউদ্দিন। ভক্তদের বিশ্বাস, তার এই প্রত্যাবর্তন অভিনয়জীবনের আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। 

 

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #নওয়াজউদ্দিন সিদ্দিকী #বলিউড