দেশজুড়ে

‘আমি নির্দোষ হয়েও অপরাধী’ - আদালতে আইভী

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর থানায় দায়ের করা পুলিশের ওপর হামলার অভিযোগে করা এক মামলায় আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তিনবারের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভী।  

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় নারায়ণগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালতে তিনি হাজিরা দেন।  তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।    

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আইভী বলেন, ‘নির্দোষ হয়েও আমি অপরাধী। আমি সব সময় নারায়ণগঞ্জে প্রতিবাদ করেছি হত্যা, অত্যাচার ও জুলুমের বিরুদ্ধে।  আজ আমিই অপরাধী! যাই হোক, এটার বিচার আল্লাহ করবেন।  আমার নারায়ণগঞ্জবাসী আছে, তারাও দেখবে।’

আইভীর আইনজীবী আওলাদ হোসেন গণমাধ্যমকে জানান, গত বছরের ৯ মে গ্রেপ্তারের পর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহরে হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা মামলার অভিযোগপত্র গ্রহণের দিন ছিল মঙ্গলবার। ওই মামলায় জামিনে থাকা আইভী আদালতের নির্দেশনা অনুযায়ী হাজিরা দেন।

তিনি বলেন, দীর্ঘদিন কারাগারে থাকায় আইভী শারীরিকভাবে অসুস্থ। তাই ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করা হয়।

আদালত আবেদনটি মঞ্জুর করে বিচার কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আইভীকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে এ সময় তার পক্ষে আইনজীবী আদালতে উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত বছরের ৯ মে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যা মামলায় নারায়ণগঞ্জের দেওভোগ এলাকার নিজ বাসভবন ‘চুনকা কুটির’ থেকে আইভীকে গ্রেপ্তার করা হয়। পরে হত্যা ও হত্যাচেষ্টাসহ মোট ১২টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে টানা ৩৯১ দিন বন্দি থাকার পর চলতি বছরের ৪ জুন তিনি জামিনে মুক্তি পান।

এ সম্পর্কিত আরও পড়ুন #নারায়ণগঞ্জ #সেলিনা হায়াৎ আইভী