পেটের ভেতরে ইয়াবা নিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে খুলনায় যাওয়ার পথে মো. আমিনুল ইসলাম (৩৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটক আমিনুল নোয়াখালীর বেগমগঞ্জ থানার দক্ষিণ শরীফপুর গ্রামের মো. ইদ্রিছ আমিনের ছেলে।
রোববার (২ আগস্ট) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া থেকে তাকে আটক করা হয়। র্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।
রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভাটিয়াপাড়া এলাকায় অবস্থায় নেয় র্যাবের একটি দল। এ সময় ওই এলাকায় দোলা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদক কারবারি মো. আমিনুল ইসলামকে আটক করা হয়।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি বিশেষ কৌশলে পেটের ভেতরে ২ হাজার ৩০০ পিস ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। পরে বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীদের উপস্থিতিতে তাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হাসপাতালের চিকিৎসক এক্স-রে পরীক্ষা করলে তার পেটে ইয়াবা বহনের সত্যতা পাওয়া যায়।
পরে চিকিৎসকের তত্ত্বাবধানে প্রয়োজনীয় ওষুধ সেবনের পর কিছু সময়ের মধ্যে মলের সঙ্গে পেটের ভেতর থেকে বেরিয়ে আসে ২ হাজার ৩০০ পিস ইয়াবা। উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবাগুলো জব্দ করে র্যাব।
তিনি আরও জানান, জব্দ করা ইয়াবাসহ আটক মাদক কারবারিকে কাশিয়ানী থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতেও তদন্ত চলছে।
আর/আই