শেখ মুজিবর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে সকালে ফুল দিতে আসায় রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে দুইজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) সকালে তাদের আটক করা হয়। এদের একজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের সক্রিয় সদস্য অর্ণব দাস। অপর জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক অর্ণব দাসের বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এদিকে ধানমন্ডি ৩২ নম্বর ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশপথে ব্যারিকেড বসানো হয়েছে। ব্যারিকেডের ভেতরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি একটি জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে প্রস্তুতির অংশ হিসেবে জলকামানটি রাখা হয়েছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর বিভিন্ন সময়ে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি ভবনটি ভেঙে ফেলা হয়।
এরপর থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় সাধারণ মানুষের প্রবেশ কিছুটা নিয়ন্ত্রিত রয়েছে। এ বছর ১৫ আগস্টকে ঘিরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এআর//