দেশজুড়ে

মহানন্দা ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে সান্টিং ইঞ্জিনের ধাক্কায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ যাত্রীরা সান্টিং ইঞ্জিনের লোকোমাস্টারকে ধাওয়া করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে সরে গেলেও কিছুক্ষণ পর আবার ফিরে আসেন বলে জানিয়েছে পুলিশ।

ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. আসলাম হোসেন জানান, খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেসটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি সান্টিং ইঞ্জিন এসে ট্রেনটিকে জোরে ধাক্কা দেয়। এতে ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তারা সবাই ছেড়ে যান এবং মহানন্দা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে স্টেশন ত্যাগ করে।

দুর্ঘটনার খবর পেয়ে রাতে স্টেশনে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি আহত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন। পরে রেল কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে পুলিশের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

এ সময় এমপি বলেন, রেলযাত্রীদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া যাবে না। কীভাবে সান্টিং ইঞ্জিনটি মহানন্দা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা দিল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। কারও দায়িত্বে অবহেলা থাকলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি।

এসময় দুর্ঘটনার প্রকৃত কারণ এবং দায়িত্বে কারও গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #পাবনা #ট্রেন