অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল টাইগাররা। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫৬ রানের লিডে আটকে দিয়ে মাত্র ৫৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সেই লক্ষ্য অনায়াসে পেরিয়ে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।
রোববার (১৬ আগস্ট) জয় নিশ্চিতের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশের জনগণের পক্ষ থেকেও তিনি দলকে শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে তাদের মাটিতে এই জয় দেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গৌরবের। খেলোয়াড়দের দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, দক্ষতা ও দলগত প্রচেষ্টার ফলেই এই সাফল্য এসেছে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে পরের টেস্টেও ভালো খেলার প্রত্যাশা ব্যক্ত করেন।
ম্যাচে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৯৮ রান করলে বাংলাদেশ ৪২৬ রান করে লিড নেয়। দ্বিতীয় ইনিংসে অজিরা ২৮৪ রানে অলআউট হলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ৫৬। সফরকারীরা ৯ উইকেট হাতে রেখে এবং পুরো একদিন বাকি থাকতেই সেই লক্ষ্য পেরিয়ে যায়।
এআর//