আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যায় ছয়জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

দুই দিনের টানা ভারী বৃষ্টি ও শক্তিশালী ঝড়ে যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য ইন্ডিয়ানায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। বন্যার পানিতে ঘরবাড়ি তলিয়ে যাওয়ার পাশাপাশি রাজ্যজুড়ে জরুরি সেবা কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

রোববার (১৬ আগস্ট) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এনবিসি নিউজের ড্রোনে ধারণ করা ভিডিওতে দেখা যায়, ইন্ডিয়ানার বিভিন্ন এলাকার সড়ক ঘোলাটে বন্যার পানিতে পুরোপুরি তলিয়ে গেছে। অনেক বাড়ির সামনের দরজা পর্যন্ত পানি উঠে গেছে। ফলে বাসিন্দাদের কায়াক ও ছোট নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে।

 

এদিকে, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বহু গাড়িও বন্যার পানিতে সম্পূর্ণ ডুবে গেছে। 

ইন্ডিয়ানার গভর্নর মাইক ব্রাউন এক বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন, ‘ঝড়ে প্রাণ হারানো আমাদের নাগরিকদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সবাই অনুগ্রহ করে বন্যাকে গুরুত্বের সঙ্গে নিন এবং প্লাবিত এলাকা থেকে দূরে থাকুন।’

তিনি আরও বলেন, শহরটিতে বেশি বৃষ্টিপাত না হলেও হোয়াইট নদীর উচ্চ অববাহিকায় প্রায় ৬ থেকে ১২ ইঞ্চি বৃষ্টিপাতের কারণে সেই পানি ইন্ডিয়ানাপোলিস প্লাবিত করেছে।

ইন্ডিয়ানাপোলিস ফায়ার ডিপার্টমেন্টের মুখপাত্র রিতা রিথ জানান, হোয়াইট নদীর আশেপাশের এলাকা থেকে এ পর্যন্ত ৯১ জন মানুষ ও ৪৫টি পোষা প্রাণীকে উদ্ধার করা হয়েছে।

ইন্ডিয়ানার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, ডেলওয়ার কাউন্টিতে পানিতে ভেসে যাওয়া গাড়ির ভেতর থেকে ৫৮ বছর বয়সী এক নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া জেনিংস, হোয়াইট, পোর্টার ও লা পোর্টে কাউন্টিতে পৃথক চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

জাতীয় আবহাওয়া সংস্থার তথ্যমতে, কিছু এলাকায় ৪৮ ঘণ্টায় ১১ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অ্যান্ডারসন ও নোবেলেসভিল এলাকায় হোয়াইট নদীর পানি ২৪ ফুটের বেশি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যা ১৯১৩ সালের ঐতিহাসিক রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের অবিলম্বে বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে সিটি কর্তৃপক্ষ।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #যুক্তরাষ্ট্র #বন্যা