জাতীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কওমি ছাত্র ঐক্য পরিষদের পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তপ্ত পরিস্থিতি এড়াতে দুঃখপ্রকাশ করে বিবৃতি দিয়েছেন এমপি হাসনাত আব্দুল্লাহ। এর পরেই আজ দুপুরে নিজেদের কর্মসূচী প্রত্যাহার করেছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে এনসিপি নেতাদের সঙ্গে আলোচনার পর কর্মসূচি প্রত্যাহারের কথা জানায় সংগঠনটি। ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেন।
এদিন বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির উদ্যোগে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
তবে শুক্রবার মধ্যরাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে মাদরাসা শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর ব্রাহ্মণবাড়িয়াকে নিয়ে দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করে। হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে এনসিপির অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা দেন বিক্ষুব্ধরা। এ পরিস্থিতিতে আজ বিকেল ৩টায় এনসিপির অনুষ্ঠান স্থলে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের ডাক দেয় কওমি ছাত্র ঐক্য পরিষদ।
শনিবার দুপুরে হাসনাত আব্দুল্লাহ তার ফেসুক স্ট্যাটাসে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে জানিয়ে সংসদে দেয়া তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল খালেক বলেন, হাসনাত আব্দুল্লাহ দুঃখ প্রকাশ করেছে। এর পরিপ্রেক্ষিতে কওমি ছাত্র ঐক্য পরিষদের নির্ধারিত কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
তবে জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন, এনসিপি শিল্পকলা একাডেমিতে একটি ঘরোয়া অনুষ্ঠান করবে বলে জানিয়েছিল। কিন্তু রাজনৈতিক সমাবেশ হবে, সেটা জানায়নি। শিল্পকলায় কোনো রাজনৈতিক অনুষ্ঠানের জন্য নয়। তারা সেখানে অনুষ্ঠান করতে পারবে না।
আর/আই