সিরাজগঞ্জের কামারখন্দে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর বলে ধারণা করছে স্থানীয়রা। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামতৈল এলাকার হালুয়াকান্দি লোহার রেলব্রিজের কাছে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। জামতৈল রেলওয়ে স্টেশনের ইনচার্জ স্টেশনমাস্টার আবু হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যাওয়া একতা এক্সপ্রেস দুপুরে হালুয়াকান্দি রেলব্রিজ অতিক্রম করার সময় ওই ব্যক্তি রেললাইনের ওপর ছিলেন। ট্রেনটি কাছাকাছি পৌঁছালে তিনি এর নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তির শরীরে কোনো পোশাক ছিল না। ধারণা করা হচ্ছে তিনি মানসিক ভারসাম্যহীন ওই ব্যক্তি জামতৈল এলাকার দিকে যাওয়ার সময় রেললাইনে উঠেছিলেন। পরে চলন্ত ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার মাথা রেলব্রিজের নিচে পড়ে যায়।
জামতৈল রেলওয়ে স্টেশনের ইনচার্জ স্টেশনমাস্টার আবু হান্নান জানান, পঞ্চগড়গামী একতা এক্সপ্রেসের নিচে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরিচয় শনাক্ত করা যায়নি। দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
আই/এ