জাতীয়

বাড়ছে দুর্গাপূজার ছুটি

বায়ান্ন প্রতিবেদন

চলতি বছর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা পাঁচ দিনের ছুটি পেতে যাচ্ছেন। পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝের এক কর্মদিবসে নির্বাহী আদেশে ছুটি দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি রয়েছে। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।

তবে ২২ অক্টোবর বৃহস্পতিবার কর্মদিবস হিসেবে নির্ধারিত ছিল। ওই দিনও নির্বাহী আদেশে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ২২ অক্টোবর ছুটি ঘোষণার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব আসন্ন মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

তবে ২২ অক্টোবরের অতিরিক্ত ছুটির সমন্বয় করতে পরবর্তী সময়ে একটি শনিবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদিবস হিসেবে পালন করতে হতে পারে। এই শর্ত যুক্ত করেই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় পাঠানো হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।

মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হলে দুর্গাপূজায় সরকারি চাকরিজীবীদের জন্য ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কার্যকর হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #শারদীয় দুর্গাপূজা #ছুটি