যশোরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোটরসাইকেলর দুই আরোহী। সোমবার (১১ মে) সকাল সাড়ে ৭টার দিকে শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা মহাসড়কের গিলাপোল নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শার্শা উপজেলার উলাশী খালপাড়ার সিদ্দিকুর রহমানের ছেলে শাহিন হোসেন (৩৫) এবং একই গ্রামের আতিয়ার রহমান গাইনের ছেলে তোফাজ্জেল হোসেন (৪৫।
বিষয়টি নিশ্চিত করেছেন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।
গনমাধ্যমকে তিনি বলেন, শাহিন হোসেন তার ক্ষেতের মরিচ বিক্রির উদ্দেশ্যে তোফাজ্জেলের মোটরসাইকেলে করে নাভারন বাজারের দিকে যাচ্ছিলেন। গিলাপোল এলাকায় পৌঁছালে সাতক্ষীরাগামী একটি বেপরোয়া গতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতই বেশি ছিল যে মোটরসাইকেলটি মুহূর্তেই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তারা দুজন প্রাণ হারান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার গাড়িটি রেখে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে এবং ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসে।
বর্তমানে পলাতক চালক ও হেলপারকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ।