আন্তর্জাতিক

আমি ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় বিপুলসংখ্যক সাধারণ মানুষের শোক প্রকাশ ও কান্নার দৃশ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ধারণা ছিল, ইরানের সাধারণ জনগণ খামেনিকে অপছন্দ করে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, খামেনির মৃত্যুর পর সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শোকের চিত্র তার পূর্বধারণার সঙ্গে মিলেনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।’

একই সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, চাইলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ওই শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত সবাইকে খুব অল্প সময়ের মধ্যেই নিশ্চিহ্ন করে দেওয়ার সক্ষমতা রাখে।

তবে তিনি বলেন, এমন পদক্ষেপ নেওয়া হলে ভবিষ্যতে আলোচনার জন্য বিপরীত পক্ষের কেউই অবশিষ্ট থাকবে না। সে কারণেই এমন কোনো পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেই বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান ও যুক্তরাষ্ট্র উভয় পক্ষই খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সাময়িক যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালে কোনো পক্ষই একে অপরের বিরুদ্ধে গুলিবর্ষণ বা সামরিক হামলা চালাবে না।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ইরান #আয়াতুল্লাহ আলী খামেনি #জানাজা #মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প