ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বাহরাইনের একটি আদালত।
মঙ্গলবার (১৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানিয়েছে।
বাহরাইনের পাবলিক প্রসিকিউশনের এক বিবৃতিতে বলা হয়, দণ্ডপ্রাপ্তরা আইআরজিসি এবং এর সংশ্লিষ্ট সদস্যদের সঙ্গে যোগসাজশ করে বাহরাইনের বিরুদ্ধে শত্রুতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা এবং দেশের জাতীয় স্বার্থ ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, তদন্তে অভিযোগগুলোর সত্যতা পাওয়ায় আদালত তিন আসামির প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নতুন করে শুরু হওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ইরান-সমর্থিত বলে সন্দেহভাজন বিভিন্ন নেটওয়ার্কের বিরুদ্ধে নিরাপত্তা অভিযান জোরদার করা হয়েছে। সেই ধারাবাহিকতায় বাহরাইনও আইআরজিসি-সংশ্লিষ্ট বলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।
এছাড়া, তেহরানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো ব্যক্তিদের বিরুদ্ধেও সাম্প্রতিক সময়ে কঠোর অবস্থান নিয়েছে বাহরাইন সরকার।
এমএ//