তৃতীয়বার বিয়ে করায় ‘লাভ জিহাদ’ বিতর্কে জড়িয়েছেন বলিউড সুপারস্টার আমির খান। তবে এ নিয়ে ওঠা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আমিরের দাবি, তার সাবেক স্ত্রী বা বর্তমান সঙ্গী কখনোই ধর্ম পরিবর্তন করেননি। তাদের সব বিয়েই হয়েছে সিভিল ম্যারেজের মাধ্যমে, যেখানে ধর্মান্তরের কোনো বিষয় ছিল না।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম রেডিফকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, রিনা দত্ত, কিরণ রাও কিংবা বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট কেউই নিজের ধর্ম পরিবর্তন করেননি। তিনি জানান, গৌরী খ্রিস্টান পরিবারে জন্মালেও নিয়মিত ধর্মচর্চা করেন না।
দীর্ঘদিন ধরেই ভিন্ন ধর্মের নারীদের সঙ্গে সম্পর্ক ও বিয়ের কারণে ‘লাভ জিহাদ’ ইস্যুতে সমালোচনার মুখে পড়তে হয়েছে আমিরকে। সম্প্রতি গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর সেই বিতর্ক আবারও সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়ে। তবে এসব অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেই মন্তব্য করেন তিনি।
আমির জানান, তার পরিবার সবসময়ই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল। উদাহরণ হিসেবে তিনি বলেন, তার দুই বোন হিন্দু পরিবারে বিয়ে করেছেন, মেয়ে ইরা খানের স্বামীও হিন্দু। এছাড়া তার চাচাতো ভাই মনসুর খান একজন খ্রিস্টান নারীকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন।
তার মতে, জীবনের প্রতিটি সম্পর্ক গড়ে উঠেছে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও বোঝাপড়ার ভিত্তিতে ধর্মের ভিত্তিতে নয়। তাই ব্যক্তিগত জীবনকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিচার করা বা ব্যাখ্যা করার কোনো যৌক্তিকতা নেই।
গেল ৫ জুলাই মুম্বাইয়ে নিজের বাসভবনে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তৃতীয়বারের মতো বিয়ে করেন আমির খান।
উল্লেখ্য, এর আগে রিনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে তার দুটি বিয়ে হয়েছিল। বিচ্ছেদের পরও দুই সাবেক স্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন বলে একাধিকবার জানিয়েছেন অভিনেতা। পাশাপাশি সন্তানদের যৌথভাবে লালন-পালন এবং পারিবারিক বন্ধন অটুট রাখার পক্ষেও বরাবরই ইতিবাচক অবস্থান নিয়ে কথা বলেছেন তিনি।
পি/ডি