জাতীয়

মন্ত্রিসভায় পরিবর্তনের গুঞ্জন: স্বরাষ্ট্রে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

বায়ান্ন প্রতিবেদন

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হওয়ার সিদ্ধান্তের পর দলীয় পদ এবং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।

এর পরিপ্রেক্ষিতে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। প্রশাসনিক কার্যক্রমে ধারাবাহিকতা বজায় রাখা এবং মন্ত্রণালয়গুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকারের নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সরকারের উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকের পর মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে।

অন্যদিকে, সালাহউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত হওয়ার পরই তিনি তার সংসদীয় ও প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এর ফলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন এড়াতে দ্রুত নতুন দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত নেয় সরকার।

সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এই সিদ্ধান্তের ফলে একই সঙ্গে স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্ব বণ্টন হলো।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রাষ্ট্রপতি নির্বাচন #বিএনপি