রাজধানী

কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায়   দুই জনকে গ্রেপ্তার করেছে শাহজাহানপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাখাওয়াত হোসেন রায়হান (৩২) ও মো. সাইমুন (২৩)। গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কর্মী।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি বলেন, গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টা ৩৭ মিনিটে কমলাপুর রেলস্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের ২৯ ও ৩০ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।  তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য বিশ্লেষণ ও বিশ্বস্ত সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সরাসরি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।

এ পুলিশ কর্মকর্তা জানান,  গ্রেপ্তার মো. সাখাওয়াত হোসেন রায়হান বাংলাদেশ রেলওয়ের কমলাপুর রেলস্টেশনের এমওডি শাখায় ইলেকট্রিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। রায়হান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের শাহজাহানপুর থানা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা যায়। অপর গ্রেপ্তারকৃতরা মো. সাইমুন শাহজাহানপুর থানা এলাকার যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য দিয়েছেন বলে জানা যায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় আরও কয়েকজনের নাম ও পরিচয় পাওয়া গেছে। তাদের বিষয়ে যাচাই-বাছাই এবং গ্রেপ্তারে শাহজাহানপুর থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন #ককটেল