দেশজুড়ে

সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জের বাহুবলে সিএনজি ও টমটম স্ট্যান্ড দখল এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের পুরাতন হাসপাতাল সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানায়, বাজারের বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে রোববার দুপুরে বিরোধপূর্ণ স্ট্যান্ড দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সিএনজি ও টমটম চালকদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। 

ওসি রুহুল আমিন তালুকদার জানান, সিএনজি ও টমটম স্ট্যান্ড নিয়ে দুইপক্ষের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন #হবিগঞ্জ #সংঘর্ষ #সিএনজি #টমটম #স্ট্যান্ড