খেলাধুলা

যুক্তরাষ্ট্র চ্যাম্পিয়ন হলেই চাঁদে যাবে বিশ্বকাপের বল

স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠের সাফল্য এবার ছুঁতে পারে মহাকাশের সীমানা। যুক্তরাষ্ট্রের মাটিতে চলমান বিশ্বকাপ ঘিরে স্বাগতিক দলের জন্য এমনই এক অনন্য ঘোষণা দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের পুরুষ ফুটবল দল যদি এবার বিশ্বকাপের শিরোপা জেতে, তাহলে সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে একটি অফিসিয়াল ফুটবল পাঠানো হবে চাঁদে।

বুধবার (০১ জুলাই) ফরাসি সংবাদপত্র লেকিপ ও বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এক অনুষ্ঠানে নাসার প্রশাসক জেরাড আইজ্যাকম্যান এই ঘোষণা দেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বচ্যাম্পিয়ন হলে রোবোটিক চন্দ্র অভিযানের মাধ্যমে একটি অফিসিয়াল সকার বল পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের বুকে পাঠানো হবে।

যুক্তরাষ্ট্র দলকে উৎসাহ দিয়ে আইজ্যাকম্যান বলেন, এখন সময় নিজেদের প্রমাণ করার। দলের প্রতি তার আহ্বান—লড়াই করো এবং ইতিহাস তৈরি করো।

নাসা জানিয়েছে, চাঁদে পাঠানো সেই বল কোনো সাধারণ প্রদর্শনী বস্তু হিসেবে নয়, বরং ভবিষ্যতের একটি রোবোটিক চন্দ্র মিশনের অংশ হিসেবে যাবে। চাঁদে দীর্ঘমেয়াদি গবেষণা ও ঘাঁটি স্থাপনের পরিকল্পনার প্রতীক হিসেবেও দেখা হচ্ছে এই উদ্যোগকে।

মহাকাশ গবেষণায় আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় বর্তমানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি চীন, জাপান ও রাশিয়াও সক্রিয়। সেই প্রেক্ষাপটে ফুটবল ও মহাকাশকে এক সুতোয় বাঁধার এই উদ্যোগ আলাদা গুরুত্ব পাচ্ছে।

এর আগে বিশ্বকাপের অফিসিয়াল ফুটবল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেও পাঠিয়েছে নাসা। এবার নতুন ইতিহাসের অপেক্ষা—যদি যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতে, তাহলে আরেকটি ফুটবল পৃথিবীর গণ্ডি পেরিয়ে চাঁদের পথে পাড়ি দেবে।

নাসার চন্দ্রঘাঁটি কর্মসূচির ব্যবস্থাপক কার্লোস গার্সিয়া-গালান বলেন, বলটি হালকা হওয়ায় এটি মহাকাশযানে বহন করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। তবে সেই স্বপ্ন বাস্তব হবে কি না, তা নির্ভর করছে যুক্তরাষ্ট্রের ফুটবল দলের পারফরম্যান্সের ওপর।

বর্তমানে বিশ্বকাপ অভিযানে এগিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শেষ ৩২ নিশ্চিত করা দলটির সামনে এখন বসনিয়া-হার্জেগোভিনার চ্যালেঞ্জ। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

বসনিয়াকে হারিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাইবে স্বাগতিকরা। আর যদি শেষ পর্যন্ত শিরোপা ঘরে তুলতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে শুধু ফুটবল ইতিহাস নয়—মহাকাশ ইতিহাসেও তৈরি হবে এক নতুন অধ্যায়। কারণ সেদিন প্রথমবারের মতো বিশ্বকাপের একটি ফুটবল হয়ে উঠবে চাঁদের অতিথি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #ফুটবল #নাসা #যুক্তরাষ্ট্র #বিশ্বকাপ