বিনোদন

‘ওপেনহেইমার’কে ছাড়িয়ে সর্বোচ্চ আয়কারী বায়োপিক ‘মাইকেল’

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মাইকেল’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। বিশ্বজুড়ে প্রায় ৯৭ কোটি ৭০ লাখ ডলার আয় করে ছবিটি এখন সর্বকালের সর্বোচ্চ আয়কারী বায়োপিকের স্বীকৃতি পেয়েছে। এর মাধ্যমে ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’-কে পেছনে ফেলেছে সিনেমাটি।  

হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, ‘ওপেনহেইমার’ এর বৈশ্বিক আয় ছিল প্রায় ৯৭ কোটি ৫০ লাখ ডলার। এতদিন সেটিই ছিল সবচেয়ে সফল বায়োপিক। এছাড়া সংগীতশিল্পীদের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের মধ্যেও শীর্ষস্থান দখল করেছে ‘মাইকেল’। এর আগে এই রেকর্ড ছিল ব্রিটিশ ব্যান্ড কুইনের প্রধান গায়ক ফ্রেডি মার্কারিকে নিয়ে নির্মিত ‘‘বোহেমিয়ান র‍্যাপসোডি’র, যা আয় করেছিল প্রায় ৯১ কোটি ১০ লাখ ডলার।         

গত এপ্রিলে ছবিটি মুক্তির পর থেকে এখন পর্যন্ত উত্তর আমেরিকার সিনেমা হলগুলো থেকে ৩৭ কোটি ২০ লাখ ডলার আয় করেছে।  মুক্তির প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রে ৯ কোটি ৭০ লাখ ডলার এবং বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ ডলার আয় করে সংগীতভিত্তিক বায়োপিক 'স্ট্রেইট আউটা কম্পটন' এর উদ্বোধনী আয়ের পুরনো সব রেকর্ড ভেঙে দেয় সিনেমাটি।                

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অ্যান্টনি ফুকুয়া। এতে মাইকেল জ্যাকসনের ভূমিকায় অভিনয় করেছেন তার ভাতিজা জাফর জ্যাকসন।  এটি তার প্রথম চলচ্চিত্র। সিনেমায় মাইকেলের শৈশব, ‘দ্য জ্যাকসন ৫’-এর সদস্য হিসেবে সংগীতজীবনের শুরু এবং পরবর্তীতে ‘কিং অব পপ’ হয়ে ওঠার যাত্রা তুলে ধরা হয়েছে। বিশেষ করে মঞ্চ পরিবেশনা ও জনপ্রিয় গানগুলোর আকর্ষণীয় উপস্থাপনা দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছে।

এই সাফল্যের মাধ্যমে লায়ন্সগেট স্টুডিওর ইতিহাসেও সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্রের রেকর্ড গড়েছে ‘মাইকেল’। এর আগে স্টুডিওটির সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমা ছিল ‘দ্য হাঙ্গার গেমস: ক্যাচিং ফায়ার’, যার আয় ছিল প্রায় ৮৬ কোটি ৫০ লাখ ডলার। ছবিটির অসাধারণ ব্যবসায়িক সাফল্যের পর মাইকেল জ্যাকসনকে নিয়ে আরও একটি সিনেমা নির্মাণের পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি।            

তবে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেলেও সমালোচনার মুখেও পড়েছে ছবিটি। অনেক সমালোচকের দাবি, মাইকেল জ্যাকসনের জীবনের বিতর্কিত অধ্যায় বিশেষ করে শিশু যৌন নির্যাতনের অভিযোগ সিনেমায় এড়িয়ে যাওয়া হয়েছে। চিত্র সমালোচকদের মতে, ছবিটিতে পপ তারকা মাইকেল জ্যাকসনের বিতর্কিত দিকগুলো এড়িয়ে তার ইতিবাচক ও পরিচ্ছন্ন ভাবমূর্তিই বেশি তুলে ধরা হয়েছে।

            

পি/ডি

 

এ সম্পর্কিত আরও পড়ুন #মাইকেল জ্যাকসন #ওপেনহাইমার